স্মৃতিচারনঃ সাইয়িদ আলাভী মালিকী (রাহঃ)

 

মুহাম্মাদ আইনুল হুদা

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন

 

সাইয়িদ আলাভী আর নেই৷ গোটা বিশ্বের সুন্নী জনতার হৃদয়ের স্পন্দন, সাইয়িদুস সাদাহ, ইমাম হাসান ইবনে আলী ও হযরত ফাতেমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সুযোগ্য উত্তরসুরী, নবী বংশের উজ্জল নক্ষত্র, ইমামে আহলে সুন্নাত,হাফিজুল হাদীস উস্তাজুল মুহাদ্দিসীন  সাইয়িদ মুহাম্মাদ বিন আলাভী মালিকী মাক্কী রাহমাতুল্লাহি আলাইহি আর নেই৷ বিগত ১৫ই রামাদ্বান শুক্রবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি তাঁর পরম বন্ধুর সান্নিধ্যে চলে গিয়েছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

মরহুমের তিরোধানে সমগ্র দুনিয়ার সুন্নী জনতা ব্যথিত,শোকাহত, মর্মাহত৷ সমগ্র দুনিয়ার সুন্নী উলামায়ে কেরাম এ উপলক্ষে শোক প্রকাশ করেছেন৷ মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল৷ প্রিয় জন্মভুমি বাংলাদেশ থেকে অন্যান্যের মধ্যে বিশিষ্ট যাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন তাঁদের মধ্যে শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী এবং শায়খুল হাদীস আল্লামা হাবীবুর রাহমান সাহেব অন্যতম৷ নিউইর্কের সানিসাইডের আররাহমান জামে মসজিদে শবে বদরে এ উপলক্ষে আয়োজন করা হয় এক রুহানির মীলাদ মাহফিলের, অত্যন্ত শান শওকতের সাথে সাইয়িদ মালিকী হরদম যেই মীলাদ মাহফিলের আয়োজন করতেন তাঁর মক্কা শরীফের বাসবভনে৷ মরহুম সায়্যিদ মালিকীর সাথে অনেকের মত আমার ও রয়েছে আত্মার সম্পর্ক৷ মরহুমের খেদমতে বারবার হাজির হওয়ার সুযোগ হয়েছিল  এই নগন্যের৷ ১৪২৩হিজরী হজ্জ মওসুমে এক সকালে মরহুম মালিকীর অনুমতি  সাপেক্ষে আমার তিনজন সাথী (মিশগানের সৈয়দ হাফিজ সাইফূল ইসলাম ও সৈয়দ সিকন্দর আলী এবং নিউজার্সীর মুহাম্মদ সিরাজুল ইসলাম) কে নিয়ে তাঁর খেদমতে হাজির হই৷ মরহুম মালিকীর সেই অমায়িক জান্নাতি ব্যবহার আমরা কোন দিন ভুলতে পারবনা৷ তিনি আমাদের সবাইকে অন্যান্য বেশ কয়েকটি হাদিয়ার সাথে কাবা শরীফের গিলাফের একেক টুকরা হাদিয়া দেন৷ আমাকে অপেক্ষাকৃত বড় একটি টুকরা দান করেন৷ আমার জনৈক সাথী মরহুমকে কিছু হাদিয়া দিলে প্রথমে ফেরত দিয়ে দেন,আবার কি মনে করে হাতে নিয়ে পকেটে রেখে ফেরত দিয়ে বলেন রেখে দাও৷ আমি নগন্য সামান্য হাদিয়া দিলে সানন্দে গ্রহন করেন, চুমু দিয়ে পকেটে রেখে দেন৷ বিদায় বেলা একটি খামে আমার নাম লিখে ভিতরে দুই হাজার রিয়াল দিয়ে  আমার হাতে দিয়ে বলেন রেখে দাও কাজে লাগবে৷ আমাকে কয়েকটি হাদীস পড়ান এবং বিদায় বেলা আমার নাম লিখে হাদীসের একটি সনদ আমার  হাতে তুলে দিয়ে বলেন, খেদমতে লগে যাও, আমেরিকাতে তুমি আমার প্রতিনিধি৷

গতবছর  (১৪২৪হিজরী) হজ্জ মওসুমে মরহুম মালিকীর বাসবভনে আয়োজিত মীলাদ মাহফিলে আল-মদীনা হজ্জ কাফেলার  বেশ কয়েকজন হাজী সাহেবকে নিয়ে হাজির হওয়ার সুযোগ হয়েছিল৷ আমার হাসান ও হুসাইনকে খুব আদর করেন, নিজ হাতে তাদের মুখে কেন্‎ডী তুলে দেন ৷ মরহুমের স্মৃতিচারণ শেষ করা কঠিন৷ আল্লাহ উনার খেদমতকে কবূল করুন৷

 

সম্পাদকীয়ঃ আল-ইসলাহ দর্পন, ৩য় সংখ্যা, নভেম্বর ২০০৪

...................... ...................................................................................................................................................................................................